Sunday, April 5, 2026
Homeজেলার খবরসাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে বিএনপি

সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে বিএনপি

আলোর যুগ প্রতিনিধিঃ দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বিস্তৃত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুব দ্রুতই জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার গত ৪৭ দিনের কর্মসূচি এবং এ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পর্কে দলের নীতিনির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মহাসচিব বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করছি, যত দ্রুত সম্ভব দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়া প্রয়োজন এবং আমরা সেই চেষ্টাই করছি। তবে কাউন্সিল আয়োজনের নির্দিষ্ট সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, কোরবানির ঈদের আগে এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, কাউন্সিলের প্রস্তুতি ও যাবতীয় বিষয় ঠিক করতে আমাদের ন্যূনতম কয়েক মাস সময় লাগবে।

বৈঠকে সংসদীয় মহিলা আসনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এই বিষয়টি আজকের আলোচ্যসূচিতে ছিল না। মূলত পুরো বৈঠকটি ছিল সাংগঠনিক এবং সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নকেন্দ্রিক। আড়াই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments