
আলোর যুগ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, যেসব মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, তার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা। এগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
অন্য মামলাটি সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত। গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সাবেক এই মেয়রকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। আসামিপক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
