Monday, February 16, 2026
Homeক্রিকেটভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড

ভয় ধরিয়েও পারল না ইতালি, সুপার এইটে ইংল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ ইংল্যান্ডকে একপ্রকার কাঁপিয়েই দিয়েছিল ইতালি। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে ম্যাচের রোমাঞ্চ চরমে তোলে ইতালিয়ানরা। সমীকরণ নেমে এসেছিল শেষ ১২ বলে ৩০ রানে, যা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও চাপ সামাল দেওয়ার দক্ষতায় এগিয়ে ছিল ইংল্যান্ড।

ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ হাসি হেসেছে থ্রি লায়ন্সরাই। নির্ধারিত ওভারে ইতালিকে ২৪ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা। যদিও স্কোরবোর্ডে ব্যবধান ২৪ রান, মাঠের লড়াই ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইতালি। দলীয় ২২ রানে হারায় ৩ উইকেট। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান জাস্টিন মসকা ও বেন মানেন্তি। দু’জনে মিলে ৪৮ বলে ৯২ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে।

মানেন্তি খেলেন ২৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। মসকা করেন ৩৪ বলে ৪৩ রান। পরে লড়াই চালিয়ে যান গ্র্যান্ট স্টেওয়ার্ট। ২৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, চাপে ছিল ইংল্যান্ড। তবে তার বিদায়ের পরই ভেঙে পড়ে ইতালির আশা। নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় দলটি। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারান নেন ৩টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। উইল জ্যাকস ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। এছাড়া ফিল সল্ট ১৫ বলে ২৮, জ্যাকব বেথেল ২০ বলে ২৩, টম ব্যান্টন ২১ বলে ৩০ এবং স্যাম কারান ১৯ বলে ২৫ রান করে দলের সংগ্রহ পৌঁছে দেন ৭ উইকেটে ২০২ রানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments