Saturday, February 7, 2026
Homeজাতীয়এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

আলোর যুগ প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার—সবাই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতাও তাদের মধ্যে রয়েছে।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা—নির্বাচন প্রতিকূলে যায় এমন কোনো কার্যক্রম আমরা সমর্থন করি না। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী দলের নেতারা পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন।

নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছেন, তা ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল। তবে দেশের সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। একই সঙ্গে শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনাও নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments