
আলোর যুগ প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের পর তার রাজনৈতিক গন্তব্য হতে পারে দক্ষিণ আমেরিকা এবং তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
ট্রাম্পের ভাষ্যমতে, দেশটিতে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি, এবং নির্বাচনে দাঁড়ালে তিনি যেকোনো প্রার্থীকে হারাতে পারবেন। রসিকতার ছলে তিনি বলেন, ‘আমি দ্রুত স্প্যানিশ শিখে নেব। ভাষা শিখতে আমি বেশ পটু, তাই খুব বেশি সময় লাগবে না। আমি ভেনেজুয়েলায় যাব এবং প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব।’ এই সময় ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গটি মূলত ইরানে মার্কিন যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের সংবাদ সম্মেলনে উঠে আসে।
এদিকে, মার্কিন আইনপ্রণেতারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন এবং সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানাচ্ছেন। অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি বলেন, ‘ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ সংঘাতকে আরও তীব্র করছেন এবং ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হুমকি দিচ্ছেন।’মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহাম ওমরও অভিশংসনের পক্ষে মত দেন।
যুক্তরাষ্ট্রে ২৫তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করে সরানো যায়। এর ইতিহাসে মাত্র দুইজন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন অভিশংসিত হয়েছেন, তবে সিনেটে তাদের অপসারণ হয়নি।
