
আলোর যুগ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকালে দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম (ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা) এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের শিপা আক্তার (৩২)।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. খালিদ হাসান জানান, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সারোয়ার কাইয়ুম নিহত হন এবং আহত হন চারজন।
পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
