
আলোর যুগ প্রতিনিধিঃ ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃবিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এ ভূমিকম্প হয়।
ইন্দোনেশিয়ায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ইউএসজিসের বিবৃতিতে বলা হয়েছে, তালুদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে ফিলিপিনো দ্বীপ মিন্দানাওয়ে ভূপৃষ্ঠের ৯৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের অন্তর্গত। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পে হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন— দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভৌগলিকভাবে প্রশান্ত মহাসগারের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প এ দু’টি দেশে প্রায় নৈমিত্তিক ঘটনা। চলতি শতকে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও তার জেরে সৃষ্ট সুনামিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।
