Saturday, February 7, 2026
Homeজাতীয়ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী

ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী

আলোর যুগ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৪, ১৬ ও ১৮ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নির্বাচনী এলাকার তথ্য জানিয়ে মিরপুর ক্যাম্প কমান্ডার বলেন, ৩টি ক্যাটাগরিতে ভোটকেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী, ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস এম ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা ১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনকালীন যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ পরিবেশন না হয়। এ ছাড়া সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments