
আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ‘আমান’ এবং বিশেষ সাইবার ইউনিট ‘৮২০০’ লক্ষ্য করে বড় ধরনের ড্রোন অভিযান পরিচালনার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিদপ্তর, তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং অধিকৃত ভূখণ্ডের বেশ কিছু যুদ্ধবিমান ঘাঁটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার পর আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর যে উস্কানিমূলক সামরিক আগ্রাসন শুরু করেছিল, এই হামলাকে তারই কঠোর জবাব হিসেবে দেখছে তেহরান।গত কয়েক দিনে ইরানের বেসামরিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলার পর পাল্টা প্রতিরোধ হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করে দেশটির সশস্ত্র বাহিনী।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ভূখণ্ডে এই অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানায়, ইরানের সাহসী নেতা, বীর কমান্ডার এবং নিরপরাধ নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে সামরিক বাহিনী তাদের সর্বশক্তি প্রয়োগ করতে বদ্ধপরিকর। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ইরানের এই প্রতিশোধমূলক পাল্টা হামলা এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
