Saturday, March 14, 2026
Homeজাতীয়আজ আবার অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা

আজ আবার অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা

আলোর যুগ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দুই দিন বিরতির পর আজ বেলা ১১টায় আবারও বসবে। এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। গতকাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈঠকে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতার স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

এ ছাড়া সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। আজ সংসদ অধিবেশন শেষে ঈদের জন্য ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হবে। এরপর ২৯ মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে।

ওই ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে। কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্ব বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিরোধীদলীয় নেতা ও উপনেতার স্বীকৃতি : ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (গেজেট) জারি করেছে।

আইন অনুযায়ী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতার জন্য স্পিকারের স্বীকৃতির প্রয়োজন হয়। গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ শেষে জামায়াত জোটের পক্ষ থেকে মো. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হলেও স্পিকার না থাকায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যায়নি। গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচন করা হয়। ওই দিনই স্পিকার বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এবং পরে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ : জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল দুপুরে সংসদ ভবনের গোলাপ বাগানে প্রথমে স্পিকার একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর আরেকটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার।

বৃক্ষরোপণের পর তাঁরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন। এর আগে নিজের জন্য বরাদ্দ সংসদ বাংলো পরিদর্শন করেন স্পিকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments